করোনা ভাইরাসের কারণে লক্ষ লক্ষ মানুষের সমাগম বন্ধে মাঝেরআইট দরবার শরীফের ইসালে সওয়াব স্থগিত……

করোনা ভাইরাসের কারণে পিছিয়ে গেল উত্তর ২৪ পরগনার রাজারহাট নিউটাউনের মাঝের আইট পীরডাঙ্গা দরবার শরীফের ঐতিহ্যশালী ইসালে সওয়াব। এই পবিত্র ইসালে সওয়াবকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বাংলাদেশ থেকে ভক্তদের জমায়েত হয় বলে দরবার শরীফ কর্তৃপক্ষের দাবি।
বিশ্বের নানা দেশে মহামারির আকার ধারণ করেছে নোভেল করোনা ভাইরাস। সতর্ক রয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ নানা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সতর্কতা অবলম্বন করে এক জায়গায় বেশি মানুষ জমায়েতও নিষিদ্ধ। প্রশাসনের সেই নির্দেশকে মান্যতা দিয়ে লক্ষ লক্ষ মানুষের সমাবেশকে স্থগিত রাখার সিদ্ধান্ত নিল রাজারহাট-নিউটাউনের মাঝেরআইট দরবার শরীফ। প্রসঙ্গত, আগামী শনিবার মাঝেরআইট দরবার শরীফে ছিল বাৎসরিক ইসালে সওয়াব। এই ইসালে সওয়াবকে কেন্দ্র করে দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বাংলাদেশ থেকে ভক্তরাও নিউটাউনের মাঝেরআইট দরবার শরীফে মিলিত হন বলে জানান দরবার শরীফের অন্যতম মুখ্য নির্দেশক তথা মাদ্রাসা শিক্ষক নেতা ও জেলা বন ও ভূমি কর্মাধক্ষ একেএম ফারহাদ।
তিনি জানান, পীর আল্লামা মাহমুদ বাখত বাখতেইরি রহ: এর এই ইসালে সওয়াবকে কেন্দ্র করে দেশ বিদেশের বহু ভক্তের সমাগম হয়। করোনা ভাইরাস নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তৎপর। মানুষের জমায়েতকে নিষিদ্ধ করেছে প্রশাসন। তাই প্রশাসনের সেই নির্দেশকে গুরত্ব দিয়ে আগামী শনিবার ইসালে সওয়াব স্থগিত রেখেছি। এই নিয়ে ইকো পার্ক থানার অডিটোরিয়ামে দরবারের পীরসাহেব ও পীরজাদাদের সঙ্গে বিধাননগর কমিশনারেটের পুলিশ কর্তাদের এক জরুরি বৈঠক হয়। সেই বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া বলে জানান একেএম ফারহাদ।
বৈঠকে উপস্থিত ছিলেন বিধাননগর কমিশনারেটের ডিসি সাহেব, সিপি লক্ষীনারায়ন মিনা, এসিপি সম্প্রীতি চক্রবর্তী, এসিপি পরেশ রায়, আইসি ইকোপার্ক সুশীল গাঙ্গুলী, আইসি রাজারহাট মানস কুমার মাইতি, বিডিও রাজারহাট জয়ন্ত চ্যাটার্জী। দরবার শরীফের পক্ষে ছিলেন দরবার শরীফের সবচেয়ে মান্য ও বয়োজ্যেষ্ঠ পীর জনাব হযরত একেএম হায়দার আলী সাহেব, পীরজাদা আনসার আলী, আজগার আলি, আখতার আলি, মাসুম বখতিয়ারী, রাকিবুল বখতিয়ারী, হান্নান বখতিয়ারী ও রাজ্য হজ কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ পীরজাদা একেএম ফারহাদ সাহেব। ফারহাদ সাহেব বলেন, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। তাই আমরা দেশকে ভালবাসি। দেশের সকল শ্রেণীর মানুষকে আমরা শ্রদ্ধা করি। আমরা নিজেরা ভালো থাকতে চাই। অপরকেও ভালো রাখতে চাই। সকলের মধ্যে সম্প্রীতি ও ভালবাসা বিরাজ করুক এটাই আমাদের প্রার্থনা।
তাঁর দাবি, রাজ্যের পাশাপাশি বাংলাদেশ, আসাম, ত্রিপুরা প্রভৃতি প্রদেশ থেকে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ ভক্তদের ঢল নামে এই পবিত্র মাহফিলে। কিন্তু সারাবিশ্ব করোনার করালগ্রাসে এখন আক্রান্ত ও আতঙ্কিত। পশ্চিমবঙ্গ সরকারও সমস্ত রকমের সতর্কতা অবলম্বন করছে। সরকারি-বেসরকারি কর্মসূচি, সমাবেশ প্রভৃতি বন্ধ রেখেছে। সেহেতু বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এই ঈসালে সওয়াবের অনুষ্ঠানকে কেন্দ্র করে ঈসালে সাওয়াব কমিটির গুরুত্বপূর্ণ সদস্য তথা পীরজাদাদের নিয়ে ইকোপার্ক থানার অডিটরিয়ামে সংশ্লিষ্ট এলাকার পুলিশ প্রশাসন ও বিভিন্ন কর্মকর্তাদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ মিটিং এর আয়োজন করা হয়। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে মান্যতা দিয়ে ইসালে সওয়াব কমিটি তথা সমস্ত পীরজাদাদের সহমতের ভিত্তিতে উক্ত ঈসালে সাওয়াব মাহফিলের অনুষ্ঠান আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে উক্ত মাহফিল পুনরায় করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে পীরজাদা একেএম ফারহাদ জানান।
