
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামল ১২.১ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। শুক্রবার রাত থেকেই ঠান্ডায় জুবুথুবু শহরবাসী। সকাল থেকেই উত্তুরে হাওয়ার দাপট। স্বাভাবিকভাবেই এটা সপ্তাহান্তের বাড়তি পাওনা। রাজ্যজুড়ে কমেছে পারদ। কলকাতা তো বটেই, সব জেলাতেই জাঁকিয়ে শীত পড়েছে। এমনকী, পাহাড়ে তুষারপাত হয়েছে। উত্তরের একাধিক জেলায় ৫ ডিগ্রির ঘরে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পাহাড়ের মতো তাপমাত্রার পতন না হলেও পারদ নেমেছে ৮-৯ ডিগ্রির ঘরে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি কম ছিল। হাওয়া অফিস সূত্রে খবর, আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২২ ও ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী দু’দিন তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস।
তবে কতদিন এই শীত বজায় থাকবে ? আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শনিবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। যার ফলে বুধবার থেকে ধীরে ধীরে রাজ্যের আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। বাড়বে রাতের তাপমাত্রা। শুক্র ও শনিবার রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
