

কোরোনা ভাইরাসের জেরে আগেই সমস্ত প্রস্তুতি নিয়েও বন্ধ হয়ে গিয়েছে ঐতিহ্যবাহী বসন্তোৎসব। প্রতিদিন বিশ্বভারতীতে বহু বিদেশি পর্যটক এসে থাকেন৷ সেই জন্য বিজ্ঞপ্তি জারি করে রবীন্দ্রভবন, বাংলাদেশ ভবন সংগ্রহশালা ও শান্তিনিকেতন গৃহ বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি, আশ্রম চত্ত্বরে পর্যটকদের প্রবেশও নিষিদ্ধ করা হয়৷ এবার কোরোনা ভাইরাসের জেরে বন্ধ করে দেওয়া হল বিশ্বভারতী সমস্ত রকম পঠন পাঠন। বন্ধ হয়ে গেল বিশ্বভারতীতে চলা পরীক্ষা। এছাড়া, ছাত্রাবাস গুলিও খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া। ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়৷ একটি বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ইতিমধ্যে বিশ্বভারতীর ওয়েব সাইটে নোটিশ মারফত জানিয়ে দেওয়া হয়েছে। বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী বিজ্ঞপ্তি জারি করে জানানো হবে ফের বিশ্বভারতী বন্ধ থাকবে কিনা।

