
চলে গেলেন সুভাষ ভৌমিক।শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ একবালপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট প্রাক্তন ফুটবলার এবং ময়দানের পোড়খাওয়া কোচ। বয়স হয়েছিল ৭৩। হাসপাতাল সূত্রের খবর, দীর্ঘদিন ধরে সুগার এবং কিডনির অসুখে ভুগছিলেন। প্রায় সাড়ে তিন মাস তাঁকে নিয়মিত ডায়ালিসিস নিতে হচ্ছিল। সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন। গত কয়েকদিন ধরে বুকে সংক্রমণের জন্য ভর্তি ছিলেন একবালপুরের একটি নার্সিংহোমে। শুক্রবার সন্ধেয় শারীরিক অবস্থার অবনতি হয়। শনিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুভাষ ভৌমিক।
ময়দানের ‘ভোম্বল দা’র প্রয়াণে শোকাচ্ছন্ন লাল হলুদ। খবর পাওয়ার পরই একবালপুরের হাসপাতালে হাজির হন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। প্রয়াত কিংবদন্তি ফুটবলার এবং কোচের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। কোভিড বিধি মেনে শেষকৃত্য হওয়ায় বিদায়বেলায় ইস্টবেঙ্গল ক্লাবে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু সুভাষ ভৌমিকের কীর্তিকে স্মরনীয় করে রাখতে একগুচ্ছ পরিকল্পনা নিয়ে ফেলেছেন লাল হলুদের কর্তারা। প্রয়াত কোচের নামে একটি মিউজিয়াম তৈরি করা হবে। সেখানে থাকবে আশিয়ান কাপ হাতে সুভাষ ভৌমিকের মূর্তি। এছাড়াও ১ ফেব্রুয়ারি বিকেল চারটেয় ইস্টবেঙ্গল তাঁবুতে সুভাষ ভৌমিকের স্মরণসভার আয়োজন করা হবে।
স্মরণসভার আয়োজন করবে মোহনবাগানও। ক্লাবের অর্থসচিব দেবাশিস দত্ত জানান, ৩ বা ৪ ফেব্রুয়ারি রাখা হবে স্মরণসভা। এদিন হাসপাতালে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র ফিরহাদ হাকিম, আইএফএর সভাপতি অজিত ব্যানার্জি, সচিব জয়দীপ মুখার্জি প্রমুখ। এদিন ময়দানের দুই ক্লাবে অর্ধনমিত রাখা হয় ইস্টবেঙ্গল, মোহনবাগানের পতাকা। গোয়ায় ইস্টবেঙ্গলের অনুশীলনের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।
